তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তা তীরবর্তী আটটি স্থানে গণসমাবেশ ও আলোর মিছিল করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করায় তাঁকে অভিনন্দন জানিয়ে বুধবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার সন্ধ্যার পর রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একযোগে আয়োজিত কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। সমাবেশ শেষে মশাল প্রজ্বালনের মাধ্যমে আলোর মিছিল বের করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা তীরবর্তী তারাবাজার এলাকায় আয়োজিত সমাবেশে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, চীন সফর শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। উত্তরাঞ্চলের মানুষের জন্য এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; নদীভাঙন রোধ, নদী খনন, সেচ সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, নৌযোগাযোগ, শিল্পায়ন এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের একটি সমন্বিত জাতীয় উদ্যোগ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষ নানা প্রতিশ্রুতি শুনে এসেছে। এখন তারা আশ্বাস নয়, প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। তাই দ্রুত একনেকে মহাপরিকল্পনার অনুমোদন এবং পদ্মা সেতু প্রকল্পের মতো একটি সুনির্দিষ্ট ও সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ‘পদ্মা হলে তিস্তা নয় কেন’—এই স্লোগানকে সামনে রেখে গত জুন মাসজুড়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, হাটসভা, উঠান বৈঠক, বিক্ষোভ ও মশাল মিছিলের মতো নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণায় তিস্তা অববাহিকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
রংপুরের গঙ্গাচড়া, নীলফামারীর জলঢাকা এবং কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুরসহ তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকাতেও একই দাবিতে গণসমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে এখন দ্রুত একনেকের অনুমোদন, অর্থায়ন নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা প্রয়োজন।
সমাবেশ থেকে আগামী দিনে রংপুর অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় কর্মসূচি আয়োজন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত ছয় দফা দাবি আদায়ে আন্দোলন জোরদারের ঘোষণাও দেওয়া হয়।

মন্তব্য করুন