ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময় অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

আন্তর্জাতিক বাজারে এলপিজির আমদানি মূল্য সমন্বয়ের ভিত্তিতে প্রতি মাসে ভোক্তাপর্যায়ের এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।