কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এসব বিস্ফোরণের অভিঘাতে সীমান্তসংলগ্ন টেকনাফের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক স্থানে বাড়িঘরও কেঁপে উঠছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে। এর আগে বুধবার (১ জুলাই) দিন ও রাতে মংডু শহরে বিমান হামলার ঘটনাও ঘটে।

হোয়াইক্যং এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, দুপুরের দিকে বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে সীমান্তসংলগ্ন বাড়িঘর কেঁপে ওঠে। তাঁর দাবি, এ পর্যন্ত অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, প্রায় এক বছর আগে একই সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। সে সময় সীমান্তবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করেছিল। নতুন করে সংঘর্ষ ও হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আবারও উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।