বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এর উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়, বরং একটি টেকসই, সুশৃঙ্খল ও কার্যকর অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করা বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং প্রস্তুতিকাল সম্প্রসারণের যৌক্তিকতা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত প্রস্তুতিকাল চাওয়ার উদ্দেশ্য সময়ক্ষেপণ নয়; বরং বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করে শক্তিশালী ভিত্তির ওপর এলডিসি উত্তরণ নিশ্চিত করা। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা, ভূরাজনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্ন বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। তাই সরকারের বর্তমান অগ্রাধিকার হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করা।
মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন করেছে। সিডিপি বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করে তাদের মূল্যায়ন প্রতিবেদন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর কাছে জমা দিয়েছে। পরবর্তী সময়ে ইকোসকের সুপারিশের ভিত্তিতে বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ২৫টি অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচি নিয়ে একটি রোডম্যাপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বিনিয়োগ সংস্কার, ডিরেগুলেশন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং মানবসম্পদ উন্নয়ন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরু করতে বর্তমানে যে দীর্ঘ সময় লাগে, তা কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি ব্যবসা নিবন্ধন ও লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও অপ্রয়োজনীয় ধাপ দূর করে উদ্যোক্তাদের সময় ও ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগীরা টেকসই এলডিসি উত্তরণের জন্য রপ্তানি বহুমুখীকরণ, আর্থিক খাতের সংস্কার এবং করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন কূটনৈতিক মিশন, উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন