জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে তেহরানে বৈঠক করেছেন। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়েও গুরুত্বারোপ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা এগিয়ে নিতে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে তিনি স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে স্পিকার হাফিজ উদ্দিন বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাকে ও প্রতিনিধিদলকে স্বাগত জানান।