তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল, নির্ভুল ও বস্তুনিষ্ঠভাবে কাজ করবে, জনগণ ততই রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সচেতনভাবে মতামত ও সিদ্ধান্ত নিতে পারবে। আর তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয়।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি। কারণ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা সম্পর্কে জনগণ অনেকাংশেই গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমকে ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি রাষ্ট্র ও সমাজের কার্যক্রমের স্বচ্ছ প্রতিচ্ছবি জনগণের সামনে তুলে ধরে।

তিনি বলেন, আয়না যেমন ত্রুটিপূর্ণ হলে মানুষের বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি বস্তুনিষ্ঠতা হারালে গণমাধ্যমও রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। তাই সত্যনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, নতুন প্রযুক্তির কারণে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য সহজেই তৈরি করা সম্ভব হচ্ছে। এ বাস্তবতায় আইনের সংস্কার ও আধুনিকায়ন জরুরি। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সাইবার আইন হালনাগাদের কাজ শুরু করেছে এবং এ বিষয়ে একটি মন্ত্রিপরিষদ কমিটি কাজ করছে।

তিনি জানান, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর আইন প্রণয়নে ল’ রিপোর্টার, আইনজীবী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।

অনুষ্ঠানে এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।