বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত দুই দশকে দেশের যে ক্ষতি হয়েছে, আগামী পাঁচ বছরে উন্নয়নমূলক কাজের মাধ্যমে তা পুষিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে। সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে এবং সুশাসন ও উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৭ জনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের মধ্যে ২০টি হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে পাটের ব্যাগ ও বাইসাইকেল বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন