ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তিনি প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ইরানি জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা জানান।
রাষ্ট্রীয় আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করেন। পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন। অনুষ্ঠানে রাখা শোক বইতেও স্বাক্ষর করেন তিনি।
শেষকৃত্য অনুষ্ঠানের আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্পিকার সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকারও প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে।
বৈঠকে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান হাফিজ উদ্দিন আহমদ।
পরে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন স্পিকার। এ সময় ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন ক্রীড়ামন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহও প্রকাশ করেন তিনি। স্পিকার জানান, এ বিষয়ে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
তেহরান সফরের অংশ হিসেবে ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
এর আগে শুক্রবার আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

মন্তব্য করুন