দেশের প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সরকার এক লাখ কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, শুধু বাজেট বাড়ানো বা বিনিয়োগ বৃদ্ধি করলেই স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। স্বাস্থ্যব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, শিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার প্রস্তুত। তবে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সেরা চর্চা অনুসরণ করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে হবে।

মন্তব্য করুন