যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণকে স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

চিঠিতে তারেক রহমান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে তার বিশ্বাস।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ স্বাধীনতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য ও ‘আমেরিকান ড্রিম’-এর মতো আদর্শ থেকে বিশ্ববাসীকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ করে দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রার এক বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমাত্রিক অংশীদারিত্বে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের শুরু থেকে বিশেষ করে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন প্রধানমন্ত্রী।