রাজধানীর চকবাজারের হাজি আবুল বাশার সুপার মার্কেটে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ছয়টি ইউনিট।

শনিবার (৪ জুলাই) বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে অষ্টম তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।