দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (৫ জুলাই) থেকে টানা পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

রোববার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (৬ জুলাই) থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্তও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে এবং রাতের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না। ফলে সাম্প্রতিক তাপপ্রবাহ থেকে ধীরে ধীরে স্বস্তি মিলতে পারে।