ফুটবল মাঠে ব্রাজিল ও নরওয়ের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই মহাতারকা—ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ড। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই দুই ফরোয়ার্ড।

যদিও জাতীয় দলে এটি তাদের প্রথম দ্বৈরথ, ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষে আটবার মাঠে নেমেছেন তারা। সেই লড়াইয়ের পরিসংখ্যান বলছে, ভিনিসিয়ুসই এগিয়ে।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস হালান্ডের বিপক্ষে আট ম্যাচে চারটি জয়, দুটি ড্র এবং দুটি হার দেখেছেন। এসব ম্যাচে তিনি তিনটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে মোট আট গোলে সরাসরি অবদান রেখেছেন। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির হয়ে হালান্ড করেছেন চারটি গোল।

দুজনের বেশির ভাগ মুখোমুখি লড়াই হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচগুলোতে।

২০২২-২৩ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলের ড্র ম্যাচে ভিনিসিয়ুস দুর্দান্ত একটি গোল করেন। তবে ফিরতি লেগে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে গোল পাননি হালান্ড।

পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই দল। টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। ওই দুই লেগে ভিনিসিয়ুস ও হালান্ড—কেউই গোলের দেখা পাননি।

২০২৪-২৫ মৌসুমে প্লে-অফ পর্বে ৩-২ ব্যবধানে সিটির জয়ে হালান্ড জোড়া গোল করেন। পরে লিগ পর্বে ২-১ ব্যবধানে সিটির জয়ে আরও একটি গোল যোগ করেন নরওয়ের এই তারকা।

তবে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোতে আবারও আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি। সেই ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস, আর হালান্ডের একমাত্র গোলটি সিটির বিদায় ঠেকাতে পারেনি।

এবার ক্লাব নয়, জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হচ্ছেন দুই তারকা। চলমান আসরের গোলদাতার তালিকাতেও দুজনই আছেন শীর্ষে। হালান্ডের গোল পাঁচটি, আর ভিনিসিয়ুসের চারটি। ফলে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, দুই বিশ্বমানের ফরোয়ার্ডের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবেও বাড়তি আকর্ষণ ছড়াচ্ছে।