কর নথি অডিটের কথা বলে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি কিছু প্রতারক বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।
এনবিআর স্পষ্ট করেছে, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, কর-সংক্রান্ত বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যায়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।
এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।
একই সঙ্গে, এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখার আহ্বান জানানো হয়েছে।
এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন