বিশ্বকাপের শেষ ষোলো থেকেই ব্রাজিলের বিদায়ের পর গভীর হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক মার্কিনিওস। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ সুযোগগুলো কাজে লাগাতে না পারার আক্ষেপের পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে দলের তরুণ ফুটবলারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

নিউ জার্সিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচে পেনাল্টিসহ একাধিক পরিষ্কার সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল, যা শেষ পর্যন্ত তাদের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে মার্কিনিওস বলেন, এটা ব্যাখ্যা করা কঠিন। এমন সময়ে কথা বলাও কঠিন। অভিজ্ঞতা থেকে জানি, এ ধরনের ম্যাচে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে, কিন্তু আমরা পেনাল্টিসহ অনেক সুযোগ নষ্ট করেছি। জিততে না পারায় সমর্থকদের কাছে আমরা ক্ষমা চাইছি। বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যেতে পারে।