প্রায় দুই দশক পর গাজা উপত্যকার শাসন পরিচালনায় নিয়োজিত নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট জাতীয় কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হামাস আনুষ্ঠানিকভাবে তাদের শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।

হামাসের কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে গাজায় একটি বেসামরিক টেকনোক্র্যাট প্রশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস উপত্যকাটি শাসন করে আসছিল।

গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকেই হামাস বারবার জানিয়ে আসছিল, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, গাজার শাসন কমিটি বিলুপ্ত করার পাশাপাশি একজন জাতীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হবে। তিনি প্রস্তাবিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার পরে একটি সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

হামাসের আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের বিভিন্ন উপদলকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। উপদলগুলো হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে।

এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হলো।