আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি ও নির্বাচন বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক নির্বাচন কমিশনার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিদ্যমান বিধিমালাগুলো দ্রুত পর্যালোচনা করে চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা যায়।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করা যৌক্তিক হবে। সে ক্ষেত্রে ভোটগ্রহণের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। সেই লক্ষ্যেই এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগে নির্বাচনি আচরণবিধি ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করা বাধ্যতামূলক। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ আগস্টের মধ্যেই এ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন