https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আবদুল মোনায়েম মুন্না বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মিছিল, সমাবেশ, গণসংযোগ ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার দাবি, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।
তিনি বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি তাদের আইনের আওতায় আনতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, খাল খননসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
যুবদল সভাপতি জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনগুলোতেও সারাদেশে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ লক্ষ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক টিম গঠন করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান আবদুল মোনায়েম মুন্না। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলের নাম জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে।
তার ভাষায়, দলীয় কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সত্যতা যাচাই না করে সমন্বিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশের যে অভিযোগ উঠেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় যুবদল।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।