https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। নতুন এ মামলায় গ্রেফতার দেখানো হওয়ায় একাধিক মামলায় জামিন পেলেও আপাতত তার কারামুক্তি হচ্ছে না।
বুধবার (৮ জুলাই) কারাগার থেকে ভার্চুয়ালি ঢাকার আদালতে হাজির করা হলে শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
এর মাধ্যমে খায়রুল হককে মোট নয়টি মামলায় গ্রেফতার দেখানো হলো। এর মধ্যে আটটি মামলায় তিনি জামিন লাভ করেছেন। তবে সর্বশেষ এ মামলায় গ্রেফতার দেখানোর কারণে তার মুক্তি আপাতত স্থগিত রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসাইন জানান, আদালতের আদেশের পর আসামিপক্ষ জামিনের আবেদন করেছে। ওই আবেদনের ওপর দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্র জানায়, গত ২ জুলাই বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম খায়রুল হককে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাওয়ার পথে হামলার শিকার হন। অভিযোগে বলা হয়, তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ, ককটেল ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।