তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। বহুল আলোচিত এ মামলার রায় আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ টানা তিন দিনের শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন। গত ৬ জুলাই থেকে আপিলের ওপর ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনিরসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন। এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আবেদন করে পক্ষভুক্ত হন।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। পরে পৃথক তিনটি আপিল একসঙ্গে শুনানির জন্য গ্রহণ করা হয়। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক আপিল করেন।
মন্তব্য করুন