রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও ধারাবাহিক সহায়তা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার এবং অব্যাহত অবদান তুলে ধরেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে, সে বিষয়টিও তিনি তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান কেবল তাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে আরও জোরালো ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বৈঠকে রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এ সময় উভয় পক্ষ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

মন্তব্য করুন