ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সিআইএস অঞ্চলে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৬৪ বার পঠিত
সিআইএস অঞ্চলে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দেশের ব্যবসায়ী নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই)-এর পরিচালনা পর্ষদ ও নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে সিআইএস-বিসিসিআই-এর সভাপতি যাদব দেবনাথ, অ্যাডভাইজার মাহবুবুল ইসলাম রুনু, পরিচালক খান মো. ইকবালসহ চেম্বারের নেতারা অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব ইউরোপ ও সিআইএস) এস. এম. মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পূর্ব ইউরোপ এবং সিআইএসভুক্ত দেশগুলোর মতো সম্ভাবনাময় হলেও এখনো তুলনামূলকভাবে অনাবিষ্কৃত বাজারগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত করতে কাজ করছে।

তিনি বলেন, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় রপ্তানি বাজার। এসব দেশে বাংলাদেশের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, চিংড়ি, গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

শামা ওবায়েদ ব্যবসায়ী প্রতিনিধি দলের পারস্পরিক সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে নতুন বাজার, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সিআইএসভুক্ত দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ব্যবসায়ী-ব্যবসায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং, বাণিজ্য ও বিনিয়োগ মেলা আয়োজন, সরাসরি বিমান যোগাযোগের অভাব, সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন না থাকা এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেনের জটিলতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সিআইএস অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।