উইম্বলডনের ইতিহাসে নিজের সবচেয়ে দীর্ঘ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে স্মরণ করলেন নোভাক জোকোভিচ। ৩৯ বছর বয়সেও দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের তুলনা টানতেই হাস্যরসাত্মক এক মন্তব্য করেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।
উইম্বলডন ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে কানাডার ফেলিক্স অজে-আলিয়াসিমেকে ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-৭, ৭-৬ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জোকোভিচ। পাঁচ ঘণ্টা ১৫ মিনিটের ম্যারাথন লড়াইটি ছিল অল ইংল্যান্ড ক্লাবে তার ক্যারিয়ারের দীর্ঘতম ম্যাচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জোকোভিচকে বলেন, ৩৯ বছর বয়সেও তিনি যেন মেসির মতোই বিস্ময় সৃষ্টি করে চলেছেন। বিশ্বকাপে মেসি গোল করে দলকে জেতাচ্ছেন, আর তিনি টানা পাঁচ ঘণ্টার বেশি সময় লড়ে ম্যাচ জিতছেন।
এর জবাবে হেসে জোকোভিচ বলেন, ‘মেসির মতো ৯০ মিনিট খেলতে পারলে ভালোই হতো!’
রসিকতার পর নিজের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। মাঝখানে একদিন বিশ্রাম পাচ্ছি, এটা অবশ্যই ইতিবাচক।’
এদিকে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। চলতি আসরে ইতোমধ্যে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে অসাধারণ প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
মেসির প্রতি জোকোভিচের মুগ্ধতা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মিয়ামি ওপেনে মেসি গ্যালারিতে বসে জোকোভিচের ম্যাচ উপভোগ করেছিলেন। ম্যাচ শেষে দুই কিংবদন্তির একসঙ্গে তোলা ছবি বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

মন্তব্য করুন