আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। শেষ ষোলোর সেই ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়া হচ্ছে এবং টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মিশর। ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোস্তফা জিকো। প্রথমার্ধে লিওনেল মেসির নেওয়া পেনাল্টিও দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক মোস্তফা শোবেইর।
৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল আফ্রিকার প্রতিনিধিরা। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যায়। প্রথমে ক্রিশ্চিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর ৮৩ মিনিটে গোল করে সমতা ফেরান মেসি। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের হেডে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে জয়সূচক গোলের আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মোহাম্মদ সালাহকে ফাউল করার অভিযোগ তোলে মিশর। খেলোয়াড়রা ভিএআরের হস্তক্ষেপ দাবি করলেও রেফারি কিংবা ভিডিও সহকারী রেফারি সেটিকে ফাউল হিসেবে বিবেচনা করেননি। এই সিদ্ধান্তই ম্যাচ শেষে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় মোস্তফা জিকো ক্ষোভ ঝাড়েন রেফারিং নিয়ে। বিবিসির উদ্ধৃতিতে তিনি বলেন, রেফারি একদমই ন্যায্য ছিলেন না। তিনি আমাদের সঙ্গে সুবিচার করেননি। শুরু থেকেই অন্যায় হয়েছে। আমরা দারুণ খেলেছি, কিন্তু সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষেই গেছে।

মন্তব্য করুন