টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও বাড়ির দেয়াল ধসে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং ১৪ জন রোহিঙ্গা বলে জানিয়েছে প্রশাসন।
অবিরাম বৃষ্টির কারণে নতুন করে পাহাড়ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসন জরুরি কার্যক্রম শুরু করেছে। প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। বিশেষ করে কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়াসহ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের দুপুর থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়েছে।
তিনি বলেন, অনেক বাসিন্দা শুরুতে নিরাপদ স্থানে যেতে অনীহা প্রকাশ করলেও তাদের বোঝানোর মাধ্যমে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলাতেও পাহাড়ঘেঁষা এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদে সরিয়ে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক দলও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছে।
আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার জন্য জেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন