টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ৫৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপ। সেখানে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। এছাড়া বাঁশখালীতে প্রায় সাড়ে ৬ হাজার, আনোয়ারায় ২ হাজার ২০০, কর্ণফুলীতে ৩০০ এবং রাঙ্গুনিয়ায় ৩০০ মানুষ পানিবন্দি হয়েছেন।
এদিকে ফটিকছড়ি উপজেলার নয়টি ইউনিয়ন আংশিক জলাবদ্ধতার মধ্যে রয়েছে। হাটহাজারীর কয়েকটি ইউনিয়নের পাশাপাশি সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে।
তিনি জানান, দুর্যোগে সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়ায় একজন করে এবং চট্টগ্রাম মহানগরে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে পাহাড়ধসে ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক বাসিন্দা এখনো পাহাড়ধসের ঝুঁকির মধ্যে রয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, খোলা ৫৪০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য চিড়া, মুড়ি, বিস্কুট, কেক, গুড় ও স্যালাইনসহ প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন