ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে দ্বিপাক্ষিক বৈঠক, সরাসরি ফ্লাইট ও ই-ভিসার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ১২৭ বার পঠিত
তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে দ্বিপাক্ষিক বৈঠক, সরাসরি ফ্লাইট ও ই-ভিসার প্রস্তাব

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসাবান্ধব ই-ভিসা সুবিধা এবং দুই দেশের চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।

গত ৭ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে তাজিকিস্তান প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রী ইদিবেক কালান্দার তাঁর সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন সিআইএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি যাদব দেবনাথ।

বৈঠকে দুই দেশের মধ্যে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়িয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যৌথ উদ্যোগ গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। তাজিক প্রতিনিধিদল বাংলাদেশ থেকে আমদানি বৃদ্ধি, যৌথ বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করে।

সভায় যাদব দেবনাথ বলেন, সিআইএস-বিসিসিআই বাংলাদেশের একমাত্র চেম্বার, যা সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে। তিনি পর্যটন, ওষুধশিল্প, পাট ও পাটজাত পণ্য, আতিথেয়তা, জ্বালানি, তুলা এবং কৃষি-প্রক্রিয়াজাত শিল্পে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য সহজ করতে সিআইএস-বিসিসিআই তাজিকিস্তান সরকারের কাছে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সহজীকৃত ই-ভিসা ব্যবস্থা চালুর আহ্বান জানায়। পাশাপাশি দুই দেশের মধ্যে আর্থিক লেনদেন সহজ করতে বাংলাদেশে তাজিক ব্যাংকের শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাবও দেওয়া হয়। চেম্বারের মতে, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বৈঠকে সিআইএস-বিসিসিআই এবং তাজিকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয় উভয় পক্ষ। এই সমঝোতার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্যিক তথ্য আদান-প্রদান এবং বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব ইউরোপ ও সিআইএস) এস. এম. মাহবুবুল আলম, সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু ও এম. এস. সিদ্দিকী, পরিচালক খান মো. ইকবাল এবং চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা।