জাতিসংঘের পঞ্চম পুলিশ প্রধানদের সম্মেলনে (ইউএনকপস-২০২৬) অংশ নিয়ে ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের লক্ষ্যে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএনকপস-২০২৬)-এর প্রথম অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনের প্রথম প্লেনারি অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের বিস্তারের কারণে প্রচলিত পুলিশিং ব্যবস্থায় আধুনিকায়ন ও মৌলিক পরিবর্তন প্রয়োজন।
বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের ফর্মড পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত, ফরেনসিক, ইমিগ্রেশন পুলিশ এবং গোয়েন্দা-তথ্যনির্ভর পুলিশিং ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সেরা অনুশীলন, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের জন্য ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রস্তুতি ও সমন্বয় জোরদারে বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ভাবনী, অভিযোজনক্ষম এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ একটি জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এবারের দুই দিনব্যাপী সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, পুলিশিংয়ে নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা—এই তিনটি বিষয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী ও পুলিশ প্রধানদের পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলরাও অংশ নেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাব ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছে।

মন্তব্য করুন