https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে কমেছে রুপার দামও।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। আগের দিন পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ৩২৩ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্যতালিকা বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।