সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নারী-পুরুষ মিলিয়ে সাতজনকে সীমান্ত পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, কালাইরাগ সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ থেকে ২৫ গজ ভেতরে সাতজনকে এনে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির দ্রুত পদক্ষেপের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
তিনি আরও জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।

মন্তব্য করুন