তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের গণমাধ্যম সহযোগিতা সম্প্রসারণে ‘বাংলাদেশ–মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে তথ্যমন্ত্রী বর্তমান সরকারের মিডিয়া ব্যবস্থাপনা, গণমাধ্যমের উন্নয়ন এবং তথ্যপ্রবাহে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় বাংলাদেশ ও মিশরের মধ্যে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
জহির উদ্দিন স্বপন দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
এদিকে মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে সংবাদমাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পাশাপাশি ‘বাংলাদেশ–মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন মিশরের রাষ্ট্রদূত।

মন্তব্য করুন