প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম-সচিবদের কোথায় পদায়ন করা হবে, সে বিষয়ে এখনও কোনো আদেশ জারি হয়নি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তাদের বর্তমান কর্মস্থলের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিব পদে কর্মরত কর্মকর্তার সংখ্যা এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

সরকারের পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে মোট ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে অন্তত তিন বছরের চাকরিসহ মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকলে একজন কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।