২০২৬ ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর্দা উঠছে ইউরোপের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন মরক্কোর মহারণ দিয়ে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাওয়া এই লড়াইয়ে প্রতিশোধের পাশাপাশি ইতিহাস গড়ার স্বপ্নও দেখছে মরক্কো।

২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল অ্যাটলাস লায়ন্সরা। সেবার শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলেও এবার আরও এক ধাপ এগিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে টানা দ্বিতীয়বার জায়গা করে নেওয়ার লক্ষ্য তাদের।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ১৪ গোল করেছে দিদিয়ের দেশমের দল, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপে, যিনি ইতোমধ্যে সাত গোল করে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন। তার সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলার আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়েই মাঠে নামবে ফরাসিরা।

তবে মরক্কোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন দলটি এখন বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা মরক্কো এবার কেবল অঘটন ঘটাতে নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই বিশ্বকাপে খেলছে।