২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা–মিশর ম্যাচে রেফারিং নিয়ে তুমুল বিতর্কের পর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা বলেছেন, ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও ভিএআরের নেওয়া সিদ্ধান্ত ফুটবলের আইন অনুযায়ীই ছিল। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ফিফার সভাপতিও রেফারিদের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলতে পারেন না।
শেষ ষোলোর ওই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে মিশরের একটি গোল বাতিল এবং সম্ভাব্য একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়াকে কেন্দ্র করে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মিশরের কোচ হোসাম হাসান ও দলের খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে ফুটবলবিশ্বেও ব্যাপক আলোচনা শুরু হয়।
ফিফার প্রকাশিত এক সাক্ষাৎকারে কোলিনা বলেন, চলমান বিশ্বকাপে রেফারিংয়ের সামগ্রিক মান নিয়ে তারা সন্তুষ্ট। তার ভাষায়, অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ পরিচালনা করতে গিয়ে কিছু বিষয় পরিকল্পনামতো না-ও হতে পারে, তবে সেসব থেকে শিক্ষা নিয়েই ম্যাচ কর্মকর্তারা আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করেন।
রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে কোলিনা বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা ফুটবলের অংশ হলেও ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই। এমন অভিযোগ অনেক সময় রেফারি ও তাদের পরিবারের সদস্যদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্তব্য করুন