২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় ফুটবল দলের রবার্তো মার্তিনেজ অধ্যায়ের ইতি ঘটেছে। এবার নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সেই দায়িত্ব পাচ্ছেন অভিজ্ঞ কোচ জর্জে জেসুস, যার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে।
৭১ বছর বয়সী জেসুসের দায়িত্ব গ্রহণ শুধু নতুন কোচ নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজিত ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের দীর্ঘমেয়াদি পুনর্গঠনের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি।
দীর্ঘদিন ধরেই পর্তুগালকে প্রতিভাবান খেলোয়াড়ে সমৃদ্ধ দল হিসেবে বিবেচনা করা হলেও স্পেন বা জার্মানির মতো নিজস্ব ফুটবল দর্শন বা স্বতন্ত্র খেলার ধরন গড়ে তুলতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ চলাকালে মিডফিল্ডার বার্নার্দো সিলভাও প্রকাশ্যে এ নিয়ে আক্ষেপ করেছিলেন। সেই শূন্যতা পূরণ করাই হবে জেসুসের প্রথম লক্ষ্য।
আক্রমণাত্মক, গতিময় এবং বল নিয়ন্ত্রণভিত্তিক একটি ‘পর্তুগিজ স্টাইল’ প্রতিষ্ঠা করতে চান তিনি। ট্যাকটিক্যাল দিক থেকে বর্তমান ৪-২-৩-১ ফরমেশন বজায় রাখলেও মার্তিনেজের সময়ের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলানোর পরিকল্পনা রয়েছে তার। একই ফরমেশন অনূর্ধ্ব-২১ দলেও ব্যবহৃত হওয়ায় তরুণদের জাতীয় দলে মানিয়ে নেওয়াও সহজ হবে।

মন্তব্য করুন