স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একটি ভোটকক্ষে সর্বোচ্চ ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটার ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ নতুন নীতিমালার কথা জানানো হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
এর আগে সাধারণ নির্বাচনে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারিত ছিল। সংশোধিত নীতিমালায় সেই সংখ্যা বাড়িয়ে পুরুষ ভোটারের ক্ষেত্রে ৬০০ এবং নারী ভোটারের ক্ষেত্রে ৫০০ জন করা হয়েছে।
একই পরিবর্তন আনা হয়েছে উপনির্বাচনের ক্ষেত্রেও। আগে উপনির্বাচনে প্রতি ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ বরাদ্দ থাকলেও এখন সাধারণ নির্বাচন ও উপনির্বাচন—উভয় ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে।
ভোটারদের চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ (মার্কিং প্লেস) স্থাপনের সুযোগ রাখা হয়েছে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আগের নিয়ম বহাল রেখে বলা হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যেই একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তব পরিস্থিতি ও স্থানীয় প্রয়োজন বিবেচনায় একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

মন্তব্য করুন