২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার (১১ জুলাই) মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও শক্তিশালী বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে দুই দলের কৌশলের পাশাপাশি কয়েকজন তারকা ফুটবলারের পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

একদিকে লুইস দে লা ফুয়েন্তের তরুণ ও গতিময় স্পেন, অন্যদিকে রুডি গার্সিয়ার অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া বেলজিয়াম। চলুন দেখে নেওয়া যাক, ম্যাচে যাদের দিকে থাকবে সবচেয়ে বেশি নজর।

আইমেরিক লাপোর্তে (স্পেন)

স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা আইমেরিক লাপোর্তে। এবারের বিশ্বকাপে অস্ট্রিয়া ও উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি সৌদি আরবের বিপক্ষে একটি অ্যাসিস্টও করেছেন তিনি। রোমেলু লুকাকু ও চার্লস ডি কেটেলারের মতো বেলজিয়ান আক্রমণভাগকে ঠেকানোর বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। আকাশে বল দখল এবং খেলা পড়ার দক্ষতা তাকে স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করেছে।

ম্যাক্সিম ডি কুইপার (বেলজিয়াম)

এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে লামিন ইয়ামাল ও ম্যাক্সিম ডি কুইপারের ব্যক্তিগত লড়াই। ব্রাইটনে দারুণ মৌসুম কাটিয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া এই তরুণ লেফট-ব্যাক নির্ভার ফুটবল খেলেই স্পেনের গতিময় উইঙ্গারদের থামানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

রদ্রি (স্পেন)

বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন রদ্রি। পর্তুগালের বিপক্ষে মাঝমাঠে আধিপত্য বিস্তার করে স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণ গড়তেও সমান দক্ষ এই মিডফিল্ডার স্পেনের খেলার মূল চালিকাশক্তি।

ব্র্যান্ডন মেচেলে (বেলজিয়াম)

ক্লাব ব্রুজের সেন্টার-ব্যাক ব্র্যান্ডন মেচেলে এবারের বিশ্বকাপে বেলজিয়ামের অন্যতম সেরা পারফর্মার। টবি অ্যাল্ডারওয়েরেল্ড ও জান ভার্টঙ্গেনের বিদায়ের পর রক্ষণভাগের নেতৃত্ব এখন তার হাতে। শুধু রক্ষণেই নয়, সেটপিস ও আক্রমণেও কার্যকর এই ডিফেন্ডারের ওপর স্পেনের আক্রমণভাগকে সামলানোর বড় দায়িত্ব থাকবে।

লামিন ইয়ামাল (স্পেন)

মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। এবারের বিশ্বকাপে একটি গোল করলেও তার প্রভাব সংখ্যার চেয়ে অনেক বেশি। তার গতিময়তা ও ড্রিবলিং প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে ব্যস্ত রাখে, ফলে সতীর্থদের জন্য জায়গা তৈরি হয়। বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার আরেকটি সুযোগ পাচ্ছেন এই তরুণ উইঙ্গার।

স্পেন-বেলজিয়ামের এই হাইভোল্টেজ লড়াইয়ে কৌশল, অভিজ্ঞতা ও ব্যক্তিগত নৈপুণ্যের সমন্বয়ই পার্থক্য গড়ে দিতে পারে। আর সেই কারণেই ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এই পাঁচ তারকার পারফরম্যান্সের দিকে।