বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশে ফেরা মিসর জাতীয় ফুটবল দলকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে শেষ ষোলো থেকে বিদায় নিলেও তাদের অভূতপূর্ব সাফল্য উদযাপনে হাজারো সমর্থক বিমানবন্দরে ভিড় করেন।

শুক্রবার উত্তর আমেরিকা থেকে দেশে ফেরার পর আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান ও ব্যানার নিয়ে খেলোয়াড়দের স্বাগত জানান সমর্থকরা। অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি হাতে অনেকের ব্যানারে লেখা ছিল, ‘ধন্যবাদ’।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফ। পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো সমর্থকের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা।

শনিবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পক্ষ থেকে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সংবর্ধনায় কোচ হোসাম হাসানের বড় বড় ছবির সঙ্গে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি তার প্রকাশ্য সমর্থনের স্বীকৃতি হিসেবেই সমর্থকদের এই আয়োজন বলে মনে করা হচ্ছে।

এবারের বিশ্বকাপে মিসর প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় এবং ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নেয়। শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে একসময় ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ ১১ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় দলটি। তবু এটিই বিশ্বকাপে মিসরের ইতিহাসের সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।