বিশ্বকাপে এখন পর্যন্ত একটিও গোল না খেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা স্পেনের সামনে এবার সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি টুর্নামেন্টে স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
লস অ্যাঞ্জেলেসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, বেলজিয়ামের দলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর অভিজ্ঞ ও শিরোপাজয়ী ফুটবলার রয়েছেন। তাই তাদের বিপক্ষে জিততে হলে স্পেনকে নিজেদের সেরাটা খেলতে হবে।
শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে শেষ আটে ওঠা স্পেন দারুণ ছন্দে থাকলেও সম্ভাব্য সেমিফাইনাল নিয়ে ভাবতে নারাজ এই কোচ। তিনি বলেন, ফ্রান্স ভালো খেলেছে, তবে তার দলের পুরো মনোযোগ এখন শুধু বেলজিয়াম ম্যাচে।
স্পেনের আক্রমণে ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারজাবালের ওপর আস্থা রাখছেন দে লা ফুয়েন্তে। চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ওইয়ারজাবালের পাশাপাশি ইয়ামালের সামর্থ্যেরও প্রশংসা করেন তিনি। কোচের ভাষায়, গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ইয়ামালের।
দলগত ঐক্যকেই স্পেনের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে দে লা ফুয়েন্তে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের উদ্ধৃতি টেনে বলেন, মৌচাকের জন্য যা ক্ষতিকর, তা মৌমাছির জন্যও ক্ষতিকর।


মন্তব্য করুন