https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না কিংবা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয় শেখার জন্য বিদেশ সফরে যেতেন। সেই সংস্কৃতি থেকে সরকার সরে এসেছে। এখন শিক্ষাব্যবস্থায় দক্ষতা, মূল্যবোধ ও আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার সকালে সাভারের নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, পারিবারিক মূল্যবোধ, বিতর্কচর্চা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হবে।
তিনি জানান, নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং দেশের প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে অনেক সংশোধন ও পরিমার্জন আনা হয়েছে। তবে পুরো শিক্ষাক্রম একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং সরকার পরিকল্পিতভাবেই যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আধুনিক মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের আগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।