https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন পোল্যান্ড, মিশর, রোমানিয়া, কানাডা ও ফ্রান্সের রেফারিরা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দায়িত্বে থাকবেন একজন পর্তুগিজ রেফারি। তবে এখন পর্যন্ত কোনো ইংলিশ রেফারিকে আর্জেন্টিনার ম্যাচে দেখা যায়নি।
এর পেছনে রয়েছে ফিফার দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতি এবং আর্জেন্টিনা-যুক্তরাজ্যের ঐতিহাসিক বিরোধ। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ দুই দেশের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। সেই প্রেক্ষাপটে বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারি নিয়োগ এড়িয়ে চলে ফিফা, যাতে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।
চলতি বিশ্বকাপে ব্রিটেনের দুই রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর দায়িত্ব পালন করছেন। তবে ইংল্যান্ড টুর্নামেন্টে টিকে থাকায় এবং সম্ভাব্য আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের কথা বিবেচনায় রেখে তাদের আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাও বেশ পুরোনো। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’ এই দ্বৈরথকে আরও ঐতিহাসিক করে তোলে। পরে ম্যারাডোনা তার আত্মজীবনীতে লিখেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তিনি ফকল্যান্ড যুদ্ধের কথাও মনে রেখেছিলেন।
এবারের বিশ্বকাপে দুই দলই কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালে আবারও মুখোমুখি হতে পারে। সে ক্ষেত্রে ইংলিশ রেফারিদের ওই ম্যাচে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে না।