ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি গোলে অবদান রেখে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা এখন পর্যন্ত কেবল ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপের সঙ্গেই ভাগাভাগি করছেন।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন মেসি। ফলে তার সরাসরি গোলে অবদান দাঁড়িয়েছে ১০টি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি ৭ গোল ও ৩ অ্যাসিস্ট মিলিয়ে ১০টি গোলে অবদান রেখেছিলেন।

এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দুই ভিন্ন আসরে অন্তত ১০টি গোলে সরাসরি অবদান রাখা মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা। একই কীর্তির অন্য মালিক কিলিয়ান এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ড ২০২২ বিশ্বকাপে ১০টি এবং ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন।

বিশ্বকাপে ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স ধরে রেখে মেসি ও এমবাপে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আরও একবার প্রতিষ্ঠিত করলেন। তবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার আরও ম্যাচ বাকি থাকায় নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে মেসির।