২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়। সাবেক আর্জেন্টিনা অধিনায়ক আন্তোনিও রাটিন এবং দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেয় ফিফা ও অংশগ্রহণকারী দলগুলো।
আর্জেন্টিনার জন্য দিনটি ছিল বিশেষভাবে শোকের। ম্যাচের দিনই ৮৯ বছর বয়সে মারা যান দেশটির কিংবদন্তি অধিনায়ক আন্তোনিও রাটিন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুরো দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে।
‘রাতা’ নামে পরিচিত রাটিন ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২টি ম্যাচ খেলেন এবং ২৮টি গোল করেন। এই সময়ে তিনি ক্লাবটিকে চারটি লিগ শিরোপা জিততে সহায়তা করেন। ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খেলেন রাটিন। এই সময়ে তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন।
বিশ্বকাপ ইতিহাসে রাটিন সবচেয়ে বেশি স্মরণীয় ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের এক বিতর্কিত ঘটনার জন্য। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রেইটলাইন তাকে মাঠ থেকে বহিষ্কার করেন। তবে সিদ্ধান্তটি বুঝতে না পেরে তিনি সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। পরে মাঠ ছাড়ার সময় কর্নার পতাকা ভেঙে ফেলেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে কয়েক মিনিট বসে প্রতিবাদ জানান।
বিশ্বকাপের সেই ঘটনাকে ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত হিসেবে ধরা হয়। ভাষাগত জটিলতার কারণে সৃষ্ট ওই বিতর্কের পরই রেফারিং ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে আসে। এর ধারাবাহিকতায় ১৯৭০ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে হলুদ ও লাল কার্ড চালু করে ফিফা।

মন্তব্য করুন