ঢাকা
১৭ আগস্ট ২০২৬

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ৩২ বার পঠিত
৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

ছবি: -সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এই এডিপি প্রণয়ন করা হয়েছে।

সোমবার রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এনইসি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত এডিপির মধ্যে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং ১ লাখ ১০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে। সংশোধিত এডিপির তুলনায় নতুন এডিপির আকার প্রায় ৫০ শতাংশ বেশি।

নতুন এডিপিতে ১ হাজার ২৭৭টি নতুন প্রকল্পের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পিপিপি ভিত্তিক ৮০টি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ১৪৮টি প্রকল্প অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে। সরকার বেসরকারি খাতের অংশগ্রহণ ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এডিপিতে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

খাতভিত্তিক বরাদ্দে পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ ৫০ হাজার ৯২ কোটি টাকার বেশি পেয়েছে। এরপর রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাত। এই পাঁচ খাতেই মোট বরাদ্দের ৬২ শতাংশের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্লেখযোগ্য বরাদ্দ পেয়েছে।

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সামাজিক উন্নয়ন কর্মসূচির জন্য ১৭ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সবুজ প্রবৃদ্ধি, নীল অর্থনীতি ও সুষম আঞ্চলিক উন্নয়নকে নতুন এডিপিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, এসডিজি, জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), এনডিসি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031