২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে শীর্ষ র‌্যাঙ্কিংধারী আর্জেন্টিনা। এর আগে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে, দ্বিতীয় স্থানে থাকা স্পেন বেলজিয়ামকে ২-১ গোলে এবং চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল। ফলে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। তবে এই সুবিধা কাজে লাগাতে প্রতিটি দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়েছে, যা চার দলই সফলভাবে অর্জন করেছে।

ড্রয়ের এই বিন্যাসের ফলে আর্জেন্টিনা ও স্পেনকে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও নকআউট পর্বের বিপরীত অংশে থাকায় তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হয়নি।

এবারের সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে বুধবার মাঠে নামবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

উল্লেখ্য, ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ব্যবস্থা চালু হয় ১৯৯৪ সালে। তবে এরপরের কোনো বিশ্বকাপেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। বরং ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়ামের মতো শীর্ষস্থানীয় দলগুলো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

সে দিক থেকে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি অনন্য নজির হয়ে থাকল, যেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা চার দলই লড়বে ফাইনালের টিকিটের জন্য।