২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে দুই দলের জয়ের সম্ভাবনা প্রায় সমান হলেও পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে সামান্য এগিয়ে রেখেছে অপ্টা সুপারকম্পিউটার ইংল্যান্ডকে।
বিভিন্ন পারফরম্যান্স সূচক, সাম্প্রতিক ফলাফল ও পরিসংখ্যান বিশ্লেষণ করে অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।
নির্ধারিত ৯০ মিনিটের ফলাফলের সম্ভাবনাতেও এগিয়ে ইংল্যান্ড। সুপারকম্পিউটারের হিসাব বলছে, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার ৩৪.১০ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।
শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের সম্ভাবনার দিক থেকেও দুই দলের ব্যবধান খুবই সামান্য। অপ্টার হিসাবে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।
বিশ্বকাপের শেষ চারে ওঠা চারটি দলই—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা—শিরোপার অন্যতম দাবিদার। তবে সুপারকম্পিউটারের বিশ্লেষণ বলছে, ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনালটি হতে যাচ্ছে এবারের আসরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি, যেখানে যেকোনো ছোট ভুলই নির্ধারণ করে দিতে পারে ফাইনালের টিকিট।

মন্তব্য করুন