২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা জুড বেলিংহ্যাম এবার নাম লেখালেন ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পাশাপাশি গড়েছেন এক বিরল রেকর্ড।
২৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার বিশ্বকাপের এক আসরের নকআউট পর্বে দুটি ভিন্ন ম্যাচে অন্তত দুটি করে গোল করা ইতিহাসের মাত্র সপ্তম ফুটবলার।
এর আগে শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও জোড়া গোল করেছিলেন বেলিংহ্যাম। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধের শেষদিকে সমতাসূচক গোল করার পর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল করে ইংল্যান্ডকে শেষ চার নিশ্চিত করেন।
এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এমন রেকর্ড গড়লেন তিনি।
বেলিংহ্যামের আগে একই বিশ্বকাপের দুটি নকআউট ম্যাচে অন্তত দুটি করে গোল করেছিলেন মাত্র ছয়জন কিংবদন্তি ফুটবলার। তারা হলেন ইতালির সিলভিও পিওলা (১৯৩৮), হাঙ্গেরির সানডোর ককসিস (১৯৫৪), ব্রাজিলের পেলে (১৯৫৮), ব্রাজিলের গারিঞ্চা (১৯৬২), আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (২০২২)।
১৯৫৮ বিশ্বকাপে পেলে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক এবং ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। ১৯৮৬ সালে ম্যারাডোনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে দুটি করে গোল করেন। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে এমবাপ্পে শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে এই তালিকায় জায়গা করে নেন।
এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো জুড বেলিংহ্যামের নাম। টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে তিনি শুধু ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেননি, বরং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিরল কীর্তিরও অংশ হয়ে গেলেন।

মন্তব্য করুন