https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার মাত্র ১০ বলের অপরাজিত ৩১ রানের ইনিংসে ভেঙেছে ১৯ বছরের পুরোনো রেকর্ড।
ম্যাচে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ১২০ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল।
ইনিংসের শেষ ওভারে সেই চাপ কাটিয়ে দেন সাইফউদ্দিন। টানা চারটি ছক্কা হাঁকিয়ে ওই ওভারে তিনি সংগ্রহ করেন ২৮ রান। সব মিলিয়ে ১০ বলে অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংসে তার স্ট্রাইক রেট দাঁড়ায় ৩১০।
এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে টানা চারটি ছক্কা মারার কীর্তি গড়েছেন সাইফউদ্দিন। পাশাপাশি অন্তত ১০ বল খেলা আন্তর্জাতিক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এখন তার দখলে।
এর আগে এই রেকর্ড ছিল আফতাব আহমেদের। ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে ১৪ বলে ৩৬ রান করেছিলেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২৫৭ দশমিক ১৪। প্রায় ১৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সাইফউদ্দিন।
শেষ দিকে তার বিধ্বংসী ব্যাটিংয়েই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। ওপেনারদের দুর্দান্ত শুরু এবং সাইফউদ্দিনের শেষ ওভারের ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে শক্ত অবস্থানে পৌঁছে যায় টাইগাররা।