দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ানো সাইক্লোস্পোরা নামের পরজীবীর সংক্রমণ যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬৪৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১৪১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও বাংলাদেশে এ সংক্রমণ বৃদ্ধির নির্দিষ্ট তথ্য নেই, তবু বিশেষজ্ঞরা খাদ্য নিরাপত্তা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতায় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সাইক্লোস্পোরা অন্ত্রে সংক্রমণ সৃষ্টি করে। এর প্রধান উপসর্গ হলো পানির মতো ডায়রিয়া। এছাড়া পেটব্যথা, পেট ফাঁপা, বমিভাব ও দুর্বলতাও দেখা দিতে পারে। পরজীবীটি সাধারণত মানুষের মল দ্বারা দূষিত খাবার বা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কাঁচা ফল, শাকসবজি ও সালাদজাতীয় খাবার থেকে সংক্রমণের ঝুঁকি বেশি। তাই ফল ও সবজি প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে খাওয়া, নিরাপদ পানি পান করা এবং খাবার ভালোভাবে রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টয়লেট ব্যবহারের পর ও খাবার প্রস্তুতের আগে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাসও সংক্রমণের ঝুঁকি কমাতে কার্যকর।

বিশেষজ্ঞরা আরও জানান, উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন পান করা উচিত। তবে ডায়রিয়া দীর্ঘস্থায়ী হলে, উপসর্গ গুরুতর হলে বা আক্রান্ত ব্যক্তি শিশু, বয়স্ক, গর্ভবতী নারী কিংবা রোগ প্রতিরোধক্ষমতা কম এমন কেউ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হতে পারে।