প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দিয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

বৈঠকে ইটভাটাজনিত বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।

রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের বিষয়টি বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ঢাকায় আরও অন্তত ৫০টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর তাগিদ দেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।